রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যৌন হয়রানির অভিযোগে পৃথক দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন, বাঘাইছড়ি পৌরসভার মুস-লিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ান ও খেদারমারা ইউ-নিয়নের উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজ মোহাম্মদ ওরফে হিরা। গত বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন আহমদের স্বাক্ষরে তাঁদের বরখাস্তের আদেশ দেওয়া হয়।বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা দুই শিক্ষককে বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার নেতৃত্বে তদন্ত হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে।’উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, রহমত উল্লাহ দেওয়ানের বিরুদ্ধে তাঁর এক নারী সহকর্মী উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। অন্যদিকে রিয়াজ মোহাম্মদের বিরুদ্ধে উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ১৩ ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করে। রিয়াজকে গ্রেপ্তারের দাবিতে বুধবার বাঘাইছড়ি সদর-দূরছড়ি সড়কে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধন করেন।তবে রহমত উল্লাহ দেওয়ান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে উত্ত্যক্ত বা যৌন হয়রানি করিনি। আমি ষড়যন্ত্রের শিকার।’ রিয়াজ মোহাম্মদ বলেন, ‘আমি ছাত্রীদের সঙ্গে কোনো খারাপ আচরণ করি না। পড়া না পারলে বেত দিয়ে মারি। আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।’