বাঘাইছড়িতে নির্বাচনে সহিংসতা এড়াতে জরুরি সভা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সহিংসতা হতে পারে—এমন আশঙ্কায় জরুরি সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুপুরে কাচালং ডিগ্রি কলেজ মিলনায়তনের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া।সভায় বক্তারা বলেন, সাজেক, বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নে সহিংসতার আশঙ্কা বেশি। সহিংসতা এড়াতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতা চাওয়ার প্রস্তাব করেন তাঁরা। সম্প্রতি ওই তিন ইউনিয়নের বিভিন্ন প্রার্থীর বাড়িতে হামলা, প্রার্থীর সমর্থকদের মারধর এবং অনেক প্রার্থীকে এলাকাছাড়া করার ঘটনা ঘটেছে। নির্বাচনী সহিংসতা এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁরা জানান।সভায় উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রহমান, বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান, মাইনী সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ইউসুফ ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, কাচালং ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দে, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন প্রমুখ।