বাঘাইছড়িতে পানিসংকট মানুষের দুর্ভোগ চরমে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। এতে শতাধিক গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। কোনো কোনো স্থানে সাত-আট কিলোমিটারের মধ্যেও পানি পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে এলাকাবাসী।উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার দুর্গম এলাকার শতাধিক গ্রামে অর্ধলক্ষাধিক লোকের বসবাস। তারা ঝরনা, ছড়া ও ঝিরি থেকে সংগৃহীত পানির ওপর নির্ভরশীল। দীর্ঘদিনের অনাবৃষ্টি ও পানির স্তর নেমে যাওয়ায় ওই সব গ্রামে পানির তীব্র সংকট দেখা দিয়েছে।এলাকাবাসী জানায়, শুষ্ক মৌসুমে পাহাড়ের সব ঝরনা, ছড়া ও ঝিরি শুকিয়ে যায়। বছরে প্রায় চার মাস পানিসংকট থাকে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের সংকট তীব্রতর। দাতা সংস্থা ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিদল একাধিকবার এলাকা পরিদর্শন করে এবং পাহাড়ি এলাকায় পানি সরবরাহের আশ্বাস দেয়। কিন্তু এখনো তার বাস্তবায়ন হয়নি।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামগুলো সমতল এলাকার চেয়ে এক-দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত। তাই সেখানে নলকূপ কিংবা রিংওয়েল বসানোর কোনো সুযোগ নেই।বাঘাইছড়ি, সাজেক, বঙ্গলতলী, সারোয়াতলী ও মারিশ্যা ইউনিয়নের বাসিন্দারা বলেন, পাহাড়ি ঝরনা ও ছড়াগুলো শুকিয়ে গেছে। ছোট ছোট পাথরের কুয়া থেকে পানি সংগ্রহ করা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর সংগৃহীত পানি পানের অনুপযোগী। বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ।সাজেক ইউনিয়নের বড়পেয়ে গ্রামের বাসিন্দা নতুনময় চাকমা আশঙ্কা প্রকাশ করেন, পানির অভাবে সামনে আরও ভয়াবহ অবস্থার তৈরি হবে।সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা প্রথম আলোকে বলেন, পানিসংকট নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে মহামারি দেখা দেবে।বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, পাহাড়ি এলাকায় পানীয়জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি বরাদ্দ অপ্রতুল হওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।