বাঘাইছড়িতে পার্বত্য চুক্তির পক্ষে-বিপক্ষে বন্দুকযুদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মরিশ্যা ইউনিয়নের তিন গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পক্ষের ও বিপক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি।উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মরিশ্যা ইউনিয়নের ফুলেশ্বর কার্বারী পাড়া, শনখোলা পাড়া ও কচুছড়ি গ্রামে গতকাল সকাল সাতটার দিকে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ১০টা পর্যন্ত দফায় দফায় গুলিবিনিময় হয়।ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মরিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান এলাকা পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব খাটানোর জন্য সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে।চুক্তির বিপক্ষের এক সমন্বয়কারী বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান কেউ হতাহত হয়নি। তবে চুক্তির পক্ষের জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানার সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমা বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি কিছু জানতে পারিনি। আমাদের কোনো সশস্ত্র গ্রুপ নেই।’বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসই) ওয়াহিদুজ্জামান বলেন, সকালে হঠাৎ করে অস্ত্রধারীরা কচুছড়ি এলাকায় গোলাগুলি শুরু করে। পরে নিজেরাই চলে যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভুঁইয়া বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।