রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড়ধসে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সাজেক পর্যটনকেন্দ্রের উদ্দেশে রওনা হওয়া অর্ধশতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পড়ে। পরে সড়ক ও জনপথ বিভাগ সড়ক থেকে মাটি সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে বাঘাইহাট থেকে ১৫ কিলোমিটার দূরে বাঘাইহাট-সাজেক সড়কের চম্পাতলী এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে গতকাল বুধবার সকাল ছয়টা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সাজেক পর্যটনকেন্দ্রমুখী যানবাহন ৩৪ কিলোমিটার দূরে বাঘাইহাটে আটকে পড়ে। অনেক গাড়ি ফিরিয়ে দেওয়া হয়। পরে বিকেল চারটায় খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ ধসে পড়া মাটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল আবার শুরু হয়।
বাঘাইহাট বাজার কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, আজ (বুধবার) সকাল থেকে বাজারে অর্ধশতাধিক পর্যটকবাহী গাড়ি সাজেক যেতে পারেনি। মাঝপথে পাহাড়ধসে যান চলাচল বন্ধ হয়ে পর্যটকদের ফিরে যেতে হয়েছে। পাশাপাশি পর্যটনকেন্দ্র থেকে ঘরমুখী মানুষজন পাহাড়ধসের স্থান হেঁটে পার হয়ে গাড়িতে উঠেছেন।
সাজেকের আলো রিসোর্ট পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক কালাধন চাকমা বলেন, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় পর্যটককেন্দ্র এখন ফাঁকা। আটকা পড়া পর্যটকেরাও দুর্ভোগে পড়েছেন। কষ্ট করে পাহাড়ধসের স্থান হেঁটে পার হয়েছেন তাঁরা।
খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, সকাল থেকে পাহাড়ধসের মাটি সরানোর কাজ হয়েছে। বিকেলের দিকে সড়ক থেকে মাটি সরানোর পর যানবাহন চলাচল শুরু হয়।