বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে। শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের কারণে কাচালং নদীর পানি আশপাশের বিভিন্ন খালবিলে ঢুকে পড়ে। এতে নিচু এলাকার বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যায়। গত শুক্রবার মধ্যম পাবলাখালী গ্রামে পাহাড়ি ঢলে মো. হানিফের ছেলে মো. রুবেল (২০) ভেসে যান। গতকাল শনিবার ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে খেদারমারা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাঘাইছড়ি ও পার্শ্ববর্তী লংগদুতে পানি বেড়ে যাওয়ায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অর্ধশতাধিক বাড়িঘর তলিয়ে গেছে। সেখানে এখনো কোনো মানবিক সাহায্য পৌঁছেনি বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। বাঘাইছড়ির সারোয়াতলী গ্রামের স্বপন চাকমা বলেন, ‘আমরা দুই দিন ধরে পানিবন্দী রয়েছি। কোনো সাহায্য পাইনি এবং কেউ দেখতেও আসেনি। যোগাযোগ-বিচ্ছিন্ন থাকায় বাজারেও যেতে পারছি না।’ বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) দিবাকর অধিকারী বলেন, পাহাড়ি ঢলে ভেসে পাবলাখালী এলাকার এক তরুণের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা বলেন, সরকারিভাবে এখনো কোনো সাহায্য আসেনি। স্থানীয় বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছেন।