বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে ৮২২ একরের রোপা আমন ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ৮২২ একরের রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরিপের ভিত্তিতে এ ক্ষতিগ্রস্ত হওয়া ধানি জমি নিরূপণ করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ২৪টি ব্লকে মোট সাড়ে সাত হাজার একর রোপা আমন চাষ করা হয়। এর মধ্যে ১৭টি ব্লকে পাহাড়ি ঢলে পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মারিশ্যার, শিজক,সারোয়াতলী, উলুছড়ি, রূপকারী ও বটতলী। এসব এলাকায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন বলে জানা গেছে।গতকাল শিজক, তুলাবান, বটতলী ও মারিশ্যা এলাকায় সরেজমিনে গেলে কৃষকেরা জানান, অন্য কোনো বছর অক্টোবর মাসে এমন পাহাড়ি ঢল হয়নি। দুই দিন ধরে পানির নিচে আছে রোপা আমন খেত। মারিশ্যা ইউনিয়নের কৃষক কল্লোল চাকমা বলেন, পাহাড়ি ঢলে আমার এক একর রোপা আমন খেত তলিয়ে গেছে। খেদারমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলেন্দু চাকমা বলেন, ‘আমার ইউনিয়নে ৭৫ একর আমন খেত তলিয়ে গেছে।’ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তাদের জরিপ অনুযায়ী বর্তমানে ৮২২ একর রোপা আমন খেত পানির নিচে রয়েছে। আমরা সার্বক্ষণিক কৃষকদের সঙ্গে কথা বলছি।’ এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে জানানো হয়েছে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ রেহান উদ্দিন বলেন, বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে কৃষিজমিসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের নামের তালিকা করা হচ্ছে।