বাঘাইছড়িতে পুলিশের বিরুদ্ধে শিশু নির্যাতনে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার উপজেলা সদরে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিত শিশুকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য মো. মুমিনকে বাঘাইছড়ি থেকে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, এক মাস আগে লংগদু উপজেলা কাট্টলী গ্রাম থেকে মো. সুমন (১২) নামের এক শিশু কাঠের কাজ শেখার জন্য বাঘাইছড়িতে আসে। বাঘাইছড়ি পৌরসভার হাজীপাড়া গ্রামের শফিকুল মিস্ত্রি তাকে কাঠের কাজ শেখাতে থাকেন। গতকাল সুমন বাবার অসুস্থতার খবর শুনে বাড়িতে যাওয়ার অনুমতি চান। শফিক মিস্ত্রি কাজ বাকি আছে অজুহাত দেখিয়ে যেতে বাধা দেন। পরে সুমন কাউকে না জানিয়ে বাড়ির যাওয়ার জন্য লঞ্চে ওঠে। খবর পেয়ে শফিক মিস্ত্রি জোর করে লঞ্চ থেকে এনে গালে থাপড় মারেন এবং পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) মো. মুমিনকে খবর দেন। তিনি এসে প্রথমে উপজেলা চৌমুহনী এলাকায় একদফা নির্যাতন চালান। সেখানে সুমনকে কিল-ঘুষি ও কান ধরে ওঠ-বস করানো হয়। এর পরে হাজীপাড়ার শফিকুলের বাড়িতে আনা হয়। এখানে সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত অমানবিক নির্যাতন চালানো হয়। সে অসুস্থ হয়ে পড়লে নির্যাতন বন্ধ করা হয়। পার্শ্ববর্তী লোকজন উদ্ধারের জন্য ছুটে এলেও মুমিন কোনো কথা শোনেননি। সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, আহত সুমন ১৬ নম্বর বেডে শুয়ে আছে। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যথায় কাতরাচ্ছে সে। তাকে দেখতে আসে হাজীপাড়া গ্রামের লোকজন। প্রত্যক্ষদর্শী সারবানু ও মো. বশির আহম্মেদ জানান, ছেলেটির চিৎকারের শব্দ শুনে উদ্ধারের জন্য অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু দরজা বন্ধ থাকায় কিছুই করতে পারিনি। ঘরের ভেতরে ইচ্ছামতো নির্যাতন করেছে পুলিশের সদস্য মো. মুমিন।মো. সুমন বলে, ‘প্রথমে কিল-ঘুষি ও কান ধরে ওঠ-বস করানো হয়েছে। পরে একটি বাড়িতে দরজা বন্ধ করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। কাঁচা মরিচও খাওয়ানো হয়েছে। পরে বিদ্যুতের শক দেওয়া চেষ্টার করা হলে বিদ্যুৎ চলে যায়। আমার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এলেও কেউ উদ্ধার করতে পারেনি। আমার বাবার অসুস্থ, দেখতে খুব ইচ্ছা করছে।’কাঠমিস্ত্রি মো. শফিকুল বলেন, ‘আমি সুমনকে মারধর করিনি। সে একটি মোবাইল ও দেড় শ টাকা নিয়ে যাচ্ছে। খবর পেয়ে সেগুলো উদ্ধার করতে লঞ্চ থেকে নিয়ে আসি। পরে পুলিশকে খবর দিই।’অভিযুক্ত পুলিশ মো. মুমিন নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। মিস্ত্রি শফিকুল মারধর করেছে।’বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ইতিমধ্যে মুমিনকে বাঘাইছিড়ি উপজেলা থেকে ক্লোজড করা হয়েছে।বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কনক বরণ চাকমা জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া জখমের আঘাতও রয়েছে বলে তিনি জানান।