বাঘাইছড়িতে প্রথম আলোর প্রতিনিধি লাঞ্ছিত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রথম আলোর প্রতিনিধি সাধন বিকাশ চাকমা গতকাল বুধবার লাঞ্ছিত হয়েছেন। উপজেলার সাজেক ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে স্কুলে অনুপস্থিতি এবং তাঁদের শিক্ষা কার্যক্রমের ওপর সংবাদ প্রকাশের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাঙামাটি প্রেসক্লাব ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি পৃথক বিবৃতিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। সাধন বিকাশ চাকমা জানান, গতকাল বেলা ১১টার দিকে তিনি বাড়ি থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ভিডিপি কার্যালয়ের সামনে পৌঁছলে হাগালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টা তালুকদার তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় নান্টা তালুকদার জিজ্ঞেস করেন, ‘আমাদের বিরুদ্ধে আর নিউজ করবে? আবার করলে মেরে ফেলব।’প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের দৃশ্য দেখে স্থানীয় দোকানি আনোয়ার হোসেন, সাজেকের শিয়ালদাই লুই মৌজার হেডম্যান জুপথুই থাংসহ অনেকে ছুটে গিয়ে সাধন বিকাশ চাকমাকে উদ্ধার করেন। ইউএনও বশিরুল হক ভূঁইয়া ঘটনাস্থলে দুজন আনসার পাঠিয়ে নান্টা তালুকদারকে নিয়ে যান।ইউএনও বশিরুল হক ভূঁইয়া বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয়। নান্টা তালুকদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখা হবে বলে শিক্ষকনেতারা তাঁকে আশ্বস্ত করেছেন।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নঈম উদ্দিন জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তে হামলার ঘটনা প্রমাণিত হলে তা নিয়মিত মামলায় পরিণত হবে।উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামে ‘দুর্গম সাজেকের বিদ্যালয়বিমুখ শিক্ষকেরা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।