বাঘাইছড়িতে প্রথম আলোর প্রতিনিধির ওপর হামলার সত্যতা মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়িতে প্রথম আলোর প্রতিনিধির ওপর হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) নিয়মিত মামলায় পরিণত করতে তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদ জামান গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।গত বুধবার বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার পথে স্থানীয় ভিডিপি কার্যালয়ের সামনে প্রথম আলোর বাঘাইছড়ি প্রতিনিধি সাধন বিকাশ চাকমা হামলার শিকার হন। হাগালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টা তালুকদার তাঁকে মারধর করেন। পরে আশপাশের লোকজন গিয়ে সাধনকে উদ্ধার করেন। এ ঘটনায় সাধন বাঘাইছড়ি থানায় জিডি করেন। জানতে চাইলে এসআই ওয়াহিদ জামান বলেন, সাংবাদিক সাধন বিকাশ চাকমার ওপর হামলার যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।