বাঘাইছড়িতে ফায়ার স্টেশন নেই, আগুনে পুড়ছে সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। উপজেলা সদর থেকে সবচেয়ে কাছের দীঘিনালা ফায়ার স্টেশনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। কাছাকাছি ফায়ার স্টেশন না থাকায় উপজেলায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত আগুন নেভানো সম্ভব হয় না। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
সর্বশেষ ২০ অক্টোবর উপজেলার খেদারমারা ইউনিয়নে দূরছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু আগুন নেভানোর ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীদের চোখের সামনে প্রায় পুরো বাজার পুড়ে যায়।
রাঙামাটি সদর থেকে বাঘাইছড়ি উপজেলা সদরের দূরত্ব ১১২ কিলোমিটার। বাঘাইছড়ি সদর থেকে খাগড়াছড়ি ফায়ার স্টেশন ৫১ কিলোমিটার দূরে।
স্থানীয় সূত্র জানায়, ২০ অক্টোবর দূরছড়ি বাজারে আগুন লাগার সঙ্গে সঙ্গে দীঘিনালা ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। কিন্তু সেখান থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই সব পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, এ অগ্নিকাণ্ডে ৪০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসন বলছে আগুনে ক্ষতি হয়েছে ৭০ কোটি টাকারও বেশি।
স্থানীয় সূত্র জানায়, ২০১৫ সালে কাচালং বাজার ও মসজিদ মার্কেট, ২০০৪ সালে মাচালং বাজার, ২০১৩ সালে দোসর বাজার, ২০১২ সালে ভুয়াছড়ি বাজার, ২০১১ সালে আমছড়ি বাজার, ২০০৮ সালে আমতলী বাজার, ২০০৫ সালে ও ২০০২ সালে কাচালং বাজার, ২০০১ সালে করেঙ্গাতলী বাজার, ২০০১ সালে বাঘাইহাট বাজার ও ২০০০ সালে দূরছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া পাড়া-মহল্লা ও বসতবাড়িতে আরও ১৫ থেকে ২০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো কাজ হয়নি। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিবছর কোটি কোটি টাকার সম্পদ পুড়ে যাচ্ছে।
উপজেলা সদরের মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস স্টেশনের দাবি জানিয়ে আসছি। ফায়ার স্টেশনের দাবিতে একাধিকবার মানববন্ধনও করা হয়েছে। কিন্তু এখনো কোনো কাজ হয়নি। প্রতিবছর আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ক্ষতির পরিমাণ কমে আসত।’
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আবদুল কাদের বলেন, খাগড়াছড়ি থেকে বাঘাইছড়ি উপজেলা সদরের দূরত্ব ৫০ কিলোমিটারেরও বেশি। এ ছাড়া সরু ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লেগে যায়। সে কারণে বাঘাইছড়িতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য জায়গা নির্বাচন করা হয়ে গেছে। এ-সংক্রান্ত সব নথিপত্র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিস স্টেশন থাকলে আগুনে ক্ষতির পরিমাণ অনেক কমবে।