বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে চারজন হতাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে আদিবাসীদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে চারজন হতাহতের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ছোট কচুছড়ির রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ বন্দুকযুদ্ধের খবরটি নিশ্চিত করলেও ঘটনাস্থলে হতাহতের কোনো আলামত পাননি বলে জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে সকাল সাড়ে নয়টা থেকে প্রায় এক ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। সোয়া ১০টার দিকে বিজিবির সদস্যদের ঘটনাস্থলের দিকে যাওয়ার খবর পেয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত সশস্ত্র ব্যক্তিরা ওই স্থান ত্যাগ করে। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, বন্দুকযুদ্ধের সময় কমপক্ষে একজনের লাশ সরিয়ে নিতে দেখা গেছে।প্রণেশ চাকমা নামের এক ব্যক্তি নিজেকে জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের নেতা দাবি করে মুঠোফোনে জানান, বন্দুকযুদ্ধে ইউপিডিএফের একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে তিনি হতাহতদের নাম জানাতে পারেননি। তবে ইউপিডিএফের উপজেলা সমন্বয়কারী সমশান্তি চাকমা বন্দুকযুদ্ধে তাঁদের কোনো সদস্য জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। বিজিবির মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্লেন মো. জাকির হোসেন বলেন, ‘উভয় পক্ষের বন্দুকযুদ্ধে আমরা প্রথমে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। পরে ঘটনাস্থলে গিয়ে কোনো কিছু পাওয়া যায়নি।’ বাঘাইছড়ি থানার উপপরিদর্শক মো. আবদুর রাজ্জাক বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় হতাহতের খবর শোনা গেলেও ঘটনাস্থলে কাউকে খুঁজে পাওয়া যায়নি।