বাঘাইছড়িতে বরখাস্ত হওয়া শিক্ষক গ্রেপ্তার
যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হওয়া রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজ মোহাম্মদ ওরফে হিরাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এক ছাত্রীর অভিভাবকের করা মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতার প্রমাণ পাই। তারপর বিকেল চারটার দিকে উপজেলা সদরের মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ মোহামঞ্চদকে গ্রেপ্তার করি।’ মঙ্গলবার রিয়াজ মোহামঞ্চদের বিরুদ্ধে উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ১৩ ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করে। পরে রিয়াজকে গ্রেপ্তারের দাবিতে বুধবার বাঘাইছড়ি সদর-দূরছড়ি সড়কে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধন করেন। এর পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ পায়। পরে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিনের স্বাক্ষরে বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়।