বাঘাইছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
রাঙামাটির বাঘাইছড়িতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি সেলিম বাহারিকে পুলিশ আটক করেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতরা হলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আতাউর রহমান, সদস্য মো. মানিক, ছাত্রদলের পৌর কমিটির সভাপতি নুরুল ইসলাম, শ্রমিক দলের সদস্য কাজী মোস্তফা, উপজেলা যুবলীগের সদস্য আবদুল হালিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রমজান আলী ও সদস্য নূর আলী।জানা গেছে, যুবদলের পৌর কমিটির সভাপতি ওমর আলী পক্ষের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি সেলিম বাহারি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বুধবার ওমর আলী পক্ষের ইফতার পার্টির সংবাদ মাইকযোগে প্রচারের সময় সেলিম বাহারি পক্ষের কয়েকজন সদস্য মাইক কেড়ে নিয়ে ভেঙে দেন। এর প্রতিশোধ হিসেবে গতকাল সন্ধ্যায় ওমর আলী পক্ষের লোকজন উপজেলার চৌমুহনী এলাকায় সেলিম বাহারি পক্ষের শ্রমিক দলের উপজেলা সভাপতি আতাউর রহমানকে মারধর করে। এর পরপরই সেলিম বাহারি পক্ষের লোকজন এসে ওমর আলী পক্ষের লোকজনের ওপর হামলা করেন। এ সময় ওই স্থানে থাকা যুবলীগ ও শ্রমিক লীগের কয়েকজন সদস্যও হামলায় আহত হন। এ ঘটনার জন্য ওমর আলী ও সেলিম বাহারি পরস্পরের বিরুদ্ধে বিনা উসকানিতে হামলার অভিযোগ করেছেন। সেলিম বাহারি বলেন, ওমর আলী গ্রুপের লোকজন তাঁর অনুসারীদের বিনা উসকানিতে মারধর করায় তাঁর লোকজন আত্মরক্ষার্থে মারামারিতে জড়িয়ে পড়েছেন। তবে ওমর আলী এ অভিযোগ অস্বীকার করে বলেন, সেলিম বাহারি গ্রুপের লোকজন চৌমুহনীতে এসে তাঁর গ্রুপের লোকজনের ওই হামলা করায় সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঘটনার পর সেলিম বাহারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ব্যক্তিদের দেখতে গেলে পুলিশ আটক করে।