বাঘাইছড়িতে বিদ্যুৎ-সংকট ভোগান্তি
ট্রান্সফরমার স্থাপন ও সঞ্চালন লাইন মেরামতের কারণে টানা চার দিন ধরে দিনের বেলা রাঙামাটির বাঘাইছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, খাগড়াছড়ির দীঘিনালায় ট্রান্সফরমার স্থাপনের কারণে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার বাঘাইছড়িতে দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বুধবার রাত পৌনে ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও গতকাল সকালে তা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া ত্রুটিপূর্ণ সঞ্চালন লাইন মেরামতের জন্য গত সোম ও মঙ্গলবার দিনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ওই দুই রাতে পাঁচ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
স্থানীয় লোকজন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যেও মন্দাভাব চলছে।
উপজেলার কালাম মার্কেটের কম্পিউটার দোকানের মালিক দীপন চাকমা বলেন, কয়েক দিন ধরে দিনের বেলায় বিদ্যুৎ না থাকায় ব্যবসায় মন্দাভাব চলছে।
কাচালং ডিগ্রি কলেজের ছাত্র সন্তু বিকাশ চাকমা ও মো. আজগর আলী বলেন, বিদ্যুতের কারণে তাঁদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।
পিডিবির আবাসিক প্রকৌশলী মো. আহসান উল্লাহ বলেন, ‘ত্রুটিপূর্ণ সঞ্চালন লাইন মেরামত ও ট্রান্সফরমার স্থাপনেরকারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আশা করি শুক্রবার (আজ) বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’