বাঘাইছড়িতে বিষ দিয়ে অতিথি পাখি শিকার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ও নলবনিয়া বিলে বিষ দিয়ে এক রাতে পাঁচ শতাধিক অতিথি পাখি হত্যা করেছে শিকারিরা। পাখিগুলো বিভিন্ন গ্রামে ও বাজারে বিক্রি করা হয়েছে।জানা গেছে, প্রতিবছরের মতো এবারও শীতের মৌসুমে উগলছড়ি ও নলবনিয়া বিলে অতিথি পাখির আগমন ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই বিলে বেশ কয়েকটি জায়গায় ধানের সঙ্গে বিষ মিশিয়ে দেয় শিকারিরা। রাতে বিষ মেশানো ধান খেয়ে পাঁচ শতাধিক হাঁস পাখি মারা যায়। শিকারিরা ভোররাতে মরা পাখিগুলো বস্তায় ভরে নিয়ে বিভিন্ন গ্রাম ও বাজারে প্রতিটি ৫০ টাকা করে বিক্রি করে। এলাকার লোকজন জানান, শিকারিরা প্রতি রাতে এভাবে বিষ দিয়ে শত শত পাখি মারছে।বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদ জানান, পুলিশ সুনির্দিষ্ট কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক জানান, অতিথি পাখি শিকার বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।