বাঘাইছড়িতে ভিজিএফে নিম্নমানের চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খাদ্যগুদামের বিরুদ্ধে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যেসব চাল দেওয়া হয়েছে, সেগুলো খেতে না পারায় পুকুরের মাছ ও মুরগির খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১৫ দশমিক ৪০০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে উপজেলার আটটি ইউনিয়নে ১০০ মেট্রিক টন ও পৌরসভায় ১৫ দশমিক ৪০০ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়। আট ইউনিয়নে ১০ হাজার পরিবার ১০ কেজি করে ও পৌরসভায় এক হাজার ৪০ পরিবারকে ভিজিএফের চাল দেওয়া হয়েছে। ভিজিএফ গ্রহীতারা অভিযোগ করেন, ১৮ অক্টোরব থেকে খাদ্যগুদাম ভিজিএফের চাল দেওয়া শুরু করেছে। তাঁরা প্রথম থেকে পচা ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ করে আসছেন। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি।পৌরসভার মো. জমির ও মো. খোরশেদ আলম বলেন, ‘যে চাল দেওয়া হয়েছে, সেগুলো খাওয়ার উপযোগী না। পুকুরের মাছ ও মুরগিকে খাওয়ানো হবে। অধিকাংশ মানুষ কম দরে বিক্রি করে চলে গেছে। গুদামে গিয়ে শুনেছি, ভালো এক বস্তা চালের মধ্যে দুই বস্তা পচা চাল মেশানো হয়েছে। তারপর গরিব মানুষকে দেওয়া হয়েছে।’ মারিশ্যা খাদ্যগুদামের ওএলএসডি রমনি মোহন চাকমা বলেন, ‘চালগুলো মূলত বেশি সেদ্ধ হওয়ায় লাল দেখা যায়। সে জন্য মানুষ পচা মনে করছে। আসলে চালগুলো পচা নয়। আমরা কোনো পচা চাল বিতরণ করিনি। অভিযোগ ওঠায় আমরা বেশি খারাপ চালের বস্তাগুলো আলাদা করছি।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল হালিম বলেন, ‘ইউনিয়নগুলোতে চাল বিরতণের সময় আমাদের জানানো হয়েছে। কিন্তু পৌরসভায় বিতরণের সময় জানানো হয়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন বলেন, ‘শুনেছি, ভিজিএফ চাল পচা দেওয়া হচ্ছে। আমি ওএলএসডিকে বলেছি পচা চাল না দেওয়ার জন্য।’