বাঘাইছড়িতে শুষ্ক মৌসুমের শুরুতেই পানির সংকট
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শুষ্ক মৌসুমের শুরুতেই পাহাড়ি এলাকায় পাঁচ শতাধিক গ্রামে খাবার পানির সংকট দেখা দিয়েছে। অপরিকল্পিত জুম চাষ ও বন উজাড় হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।সরেজমিনে সাজেকের শিয়ালদাই গ্রামের মিলন ত্রিপুরা জানান, গত বছর এই মার্চ মাসে পানির অভাব ছিল না। কিন্তু এ বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই পানির সংকট শুরু হয়। জুম চাষ ও বন উজাড় হয়ে যাওয়ায় পানির সংকট দেখা দিচ্ছে। বর্তমানে ছড়া ও ঝরনা থেকে পানি সংগ্রহ করা হচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুল রাজ্জাক বলেন, অর্ধলক্ষাধিকেরও বেশি মানুষ পাহাড়ি এলাকায় বসবাস করে। সেখানে টিউবওয়েল কিংবা রিংওয়েল বসানোর কোনো ব্যবস্থা নেই। এসব গ্রামে পানি সরবরাহ করতে দাতা সংস্থার প্রয়োজন হবে। আগে বন ছিল, এখন বন নেই, পানিও নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘আমি সম্প্রতি সাজেকে গিয়ে পানির অভাব অনুভব করেছি। দুর্গম এলাকায় পানি ও স্যানেটিশনের বিষয়ে অস্ট্রেলিয়ায় প্রতিবেদন পাঠিয়েছি। বন ধ্বংস হয়ে যাওয়ার কারণে অধিকাংশ ছড়া মৃতপ্রায়।’ এতে পাহাড়ি এলাকায় পানির সংকট বাড়ছে বলে তিনি জানান।