বাঘাইছড়িতে সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) হাজাছড়া গ্রামের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী কৃপা রানী চাকমাকে (৩৫) গতকাল বৃহস্পতিবার অপহরণ করা হয়েছে। এর আগে গত মাসে কৃপা রানীর স্বামী শান্তি চাকমাকে অপহরণ করে সন্ত্রাসীরা।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের জন্য অজ্ঞাত সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে কৃপা রানীকে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসীদের ভয়ে গতকাল কৃপা রানী উপজেলা সদরে পালিয়ে আসেন। সেখান থেকে বাবুপাড়া যাওয়ার পথে সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে। এর আগে কৃপা রানী চাকমার প্রার্থিতা প্রত্যাহারের দাবিতে তাঁর স্বামী শান্তি চাকমাকে অপহরণ করা হয়। পরে কৃপা রানী সন্ত্রাসীর দাবি মেনে নিলে শান্তি চাকমাকে ছেড়ে দেওয়া হয়।অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হয়েছে।বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা অভিযোগ করেছেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তাদের মনোনীত প্রার্থী ছাড়া কেউ ইউপি নির্বাচন করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু তাদের সেই বাধা উপেক্ষা করে প্রায় ৩০ জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য তাঁদের হুমকি দিয়ে আসছে ইউপিডিএফ। এখন এসব প্রার্থীর অনেকেই অপহরণের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।এ ব্যাপারে ইউপিডিএফের সাজেক ইউনিয়নের সমন্বয়কারী জুয়েল চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।