বাঘাইছড়িতে সংরক্ষিত বনের গাছ পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শিজক সংরক্ষিত বনের বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচার অব্যাহত রয়েছে। গাছ পাচার হলেও জনবলের অভাবে বন বিভাগ তা রোধে ব্যবস্থা নিতে পারছে না।প্রত্যক্ষদর্শীরা জানান, শিজক সংরক্ষিত বন থেকে প্রতিদিন শতবর্ষী কয়েক শ গাছ কেটে ভেলা বানিয়ে শিজক নদী দিয়ে তা ভাসিয়ে নিয়ে যায় পাচারকারীরা। এসব গাছ প্রথমে ওই নদীর শিলছড়ি, তাংগুমামুখ, মোরঘোনাছড়া ও বটতলা এলাকায় নিয়ে স্তূপ করে রাখা হয়। পরে সেখান থেকে সুযোগ বুঝে ২০-২৫টি ট্রলারে করে এসব গাছ রাঙামাটি ও খাগড়াছড়ির দীঘিনালার মেরুং এলাকায় পাচার করা হয়। বন বিভাগের শিজক রেঞ্জ কর্মকর্তা শংকর কুমার কর প্রথম আলোকে বলেন, ‘আমি মাত্র তিনজন কর্মচারী নিয়ে কী করব? গাছ কাটার অভিযোগ পাওয়া গেলেও নিরাপত্তার কারণে সেখানে যাওয়া সম্ভব হয় না। কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় কয়েকটি স্থান দিয়ে চোরাই কাঠ পাচার করা হচ্ছে। পর্যাপ্ত জনবল না থাকায় তা-ও রোধ করা যাচ্ছে না।’বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শিজক রেঞ্জে ৪২ হাজার ৯৩৪ একর সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। ইতিমধ্যে এক-তৃতীয়াংশ বন উজাড় হয়ে গেছে। বাকিটুকু উজাড় হওয়ার পথে। প্রতিদিন শত শত দস্যু বনে ঢুকে নির্বিচারে গর্জন, চাপালিস, মেহগনি, সেগুনসহ নানা প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে। নির্বিচারে বন উজাড় হয়ে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। বন্য প্রাণীর বিচরণক্ষেত্র ধ্বংস হওয়ায় খাদ্যসংকট দেখা দিয়েছে। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনের কাঠ পাচার করছে। তারা প্রভাবশালীদের হাত করে কাঠ পাচার চালিয়ে যাচ্ছে।বন বিভাগের মারিশ্যা বিট কর্মকর্তা আবদুস সাত্তার জানান, ৮ নভেম্বর বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মারিশ্যা জোনের সদস্যরা কাচালং নদী থেকে ছয় লাখ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ করেছেন। এ ছাড়া গত দুই বছরে বিজিবি প্রায় আড়াই কোটি টাকার চোরাই কাঠ জব্দ করেছে।স্থানীয়রা জানান, এই বনের কাঠ পাচারের নেতৃত্ব দিচ্ছে মাইনীমুখ, মাহিল্যা গ্রাম, গুলছোখালী গ্রাম ও আমতলী গ্রামের অর্ধশতাধিক পাচারকারী।গত দুই মাসে ট্রলারে করে সংরক্ষিত বনের ১০ কোটি টাকারও বেশি কাঠ পাচার হয়ে গেছে। কাঠ ব্যবসায়ী মো. মোমিন বলেন, ‘আমি নিজস্ব বাগান থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছি। সংরক্ষিত বনের কাঠ কাটছি না। সংরক্ষিত বনে যেসব গাছ রয়েছে, সেগুলো আদিবাসীদের দখলে। তারাই গাছ কেটে বিক্রি করছে।’সংরক্ষিত বনের কাঠ কাটায় জড়িত আনন্দ লাল চাকমা বলেন, ‘এই বনে আমরা থাকি, আমরা এর মালিক। এখানে বন বিভাগের কোনো লোক আসে না। যুগ যুগ ধরে আমরা দেখাশোনা করছি। এ পর্যন্ত কাঠ কাটতে কেউ বাধা দেয়নি।’বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলিভ চাকমা বলেন, অসাধু কাঠ পাচারকারীদের কারণে সাধারণ কাঠ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তাঁরা বন থেকে চোরাই কাঠ এনে কম দরে বিক্রি করছেন। দুরছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রেম কুমার চাকমা জানান, অনেক অসাধু কাঠ ব্যবসায়ী সংরক্ষিত বন থেকে কাঠ পাচার করছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ রেহান উদ্দিন বলেন, ‘সংরক্ষিত বনের কাঠ পাচারের বিষয়টি শুনেছি। কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসেনি। এ ব্যাপারে জরুরিভিত্তিতে বৈঠক আহ্বান করা হবে। সেখানে বন বিভাগকে ডাকা হবে এবং তাদের দায়িত্ব দেওয়া হবে।’