বাঘাইছড়িতে সালিসে তরুণীকে নির্যাতন করলেন মেয়র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক তরুণীকে সালিস বৈঠকের মাধ্যমে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. আলমগীর কবির নিজেই তাঁকে মারধর ও হুমকি দেন বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নোয়াখালীর সুবর্ণচরের ওই তরুণীর সঙ্গে বাঘাইছড়ির মুসলিম ব্লক গ্রামের মো. বেলালের প্রেম চলছিল। বেলাল বিয়ের প্রলোভনে মঙ্গলবার ওই তরুণীকে বাঘাইছড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে পৌর মেয়র আলমগীর তাৎক্ষণিকভাবে সালিস ডাকেন। সালিসে তরুণী উপস্থিত হলেও বেলাল পালিয়ে যান। সালিস শুরুর পর একপর্যায়ে মেয়র তরুণীকে মারধর করেন এবং তাঁর মুঠোফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেন। পরে তাঁকে ওয়ার্ড কমিশনার মো. জয়নাল আবেদিনের জিম্মায় দেওয়া হয়। ওই তরুণী অভিযোগ করেন, সালিসে নিয়ে নির্যাতন এবং বিভিন্নভাবে হুমকির পর রাতেও তাঁর ওপর শাররীক নির্যাতন চালানো হয়। এদিকে ঘটনা জানাজানি হলে গতকাল বুধবার বিকেলে বাঘাইছড়িতে সাধারণ মানুষ মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করে। তবে মেয়র আলমগীর দাবি করেন, ওই তরুণী মিথ্যা বলায় তাঁকে তিনি মারধর করেছেন। ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. রফিকুল ইসলাম বলেন, ওই তরুণীকে উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে মামলা হবে কি না, দেখা যাবে।