বাঘাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘সাধারণ বাঙালি ও মোটরসাইকেল চালক সমিতির’ ব্যানারে গতকাল শনিবার ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরুর পর বিকেলে প্রশাসনের সঙ্গে সমঝোতার পরিপ্রেক্ষিতে তা প্রত্যাহার করা হয়েছে।গত বুধবার পার্বত্যচুক্তির বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলার সময় বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় মো. জুয়েল নামের এক মোটরসাইকেল চালককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনার প্রতিবাদে এবং মোটরসাইকেলের ক্ষতিপূরণ ও আহত চালককে সুচিকিৎসার দাবিতে এ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। ঘটনায় আহত মো. জুয়েল গতকাল শনিবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন বলে মোটরসাইকেল চালক সমিতির নেতারা জানান।পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, অবরোধ চলাকালে উপজেলায় কোনো যানবাহন চলেনি। তবে বেলা সাড়ে ১১টার দিকে উলুছড়ি এলাকায় একজন আদিবাসী মোটরসাইকেল আরোহীকে বাঙালিরা বাধা দিলে আদিবাসী ও বাঙালিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই সময় আদিবাসী বাঙালিদের মধ্যে বেশ কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে কয়েকজন সামান্য আহত হন বলে জানা গেছে। এ সময় পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় আদিবাসী ও বাঙালি গণ্যমান্য ব্যক্তিরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিকেলে প্রশাসনের মধ্যস্থতায় বিজিবির মারিশ্যা জোন কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল চালককে সহায়তা প্রদান ও সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে প্রশাসন আশ্বাস দিলে বাঙালিদের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. মুনির হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মইন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মোটরসাইকেল চালক সমিতির কয়েকজন নেতা।