বাঘাইছড়িতে হরতাল ডাকায় বৃত্তি পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। অপরদিকে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের ডাকা হরতালের কারণে জেলায় আজ অনুিষ্ঠতব্য চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা (প্রথম দিনের পরীক্ষা) বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। কয়েক দিনের মধ্যে পাহাড়ি-বাঙালি সম্প্রীতিসভার ব্যবস্থা করা হবে।স্থানীয় সূত্র জানায়, বাঘাইছড়িতে আবদুস সাত্তার হত্যা ও বরকল থেকে বাঙালি পাঁচজন জেলেকে অপহরণের প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের পেয়ার আহমদ খান পক্ষ। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় শহরে মাইকযোগে ঘোষণা দেওয়া হয়। এদিকে আজকের মধ্যে সাত্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও অপহূত জেলেদের উদ্ধার না করলে কাল সোমবার থেকে অনির্দিষ্টকালের হরতাল ডাকার ঘোষণা দিয়েছে একই সংগঠনের মশিউল আলম পক্ষ। রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সভাপতি দাবিদার মশিউল আলম, সাধারণ সম্পাদক মো. আবছার আলী প্রমুখ।উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে মাইকযোগে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এরপর বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে মাস্টারপাড়া এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, বাঘাইছড়ির পৌর প্রশাসক নিজাম উদ্দিন প্রমুখ। কিন্তু আদিবাসীদের কেউ উপস্থিত ছিলেন না। বৃত্তি পরীক্ষা স্থগিতের ব্যাপারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রথম দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলার ১০ উপজেলার ১১টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় তিন হাজার ৩৬৮ জন ছাত্রছাত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।বাঘাইছড়িতে আবদুস সাত্তার নামের একজন বাঙালি মোটরসাইকেলের চালকের লাশ গত বুধবার উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঙালিরা উত্তেজিত হয়ে আদিবাসীদের ওপর হামলা করে। এতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালীতে চিগোনমিলে চাকমা নামের একজন আদিবাসী নারী নিহত হন। এ ছাড়া বাঘাইছড়িতে সহিংসতায় অন্তত ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন বিকেল থেকে বাঘাইছড়ি উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।