বাঘাইছড়ির আমতলী ইসলামি সেন্টার উচ্চবিদ্যালয় এক সপ্তাহ ধরে বন্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের আমতলী ইসলামি সেন্টার উচ্চবিদ্যালয়টি এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এতে তিন শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২৯৪ জন। শিক্ষক রয়েছেন স্থায়ী ছয়জন এবং অস্থায়ী একজন। সামনে জেএসসি ও এসএসসি নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার কথা। এই বিদ্যালয় গত বছর এসএসসিতে বাঘাইছড়ি উপজেলায় শতভাগ পাস করে সেরা হয়েছে। বিদ্যালয়টি বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কবে নাগাদ বিদ্যালয়টি চালু হবে, তা নিয়ে অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন।সরেজমিন দেখা গেছে, গতকাল শনিবার ১১টার দিকে বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষার্থী দেখা যায়নি। বিদ্যালয় থেকে একটু দূরে একটি গাছের নিচে বসে আছে ১০-১২ জন কিশোরী। কী করছে জিজ্ঞাসা করা হলে ফতেমা আক্তার নামের এক শিক্ষার্থী বলে, ‘আমরা সবাই সামনের এসএসসি পরীক্ষার্থী।’ ক্ষোভের সঙ্গে হাসিনা আক্তার, শাহিনা আক্তার ও কুলসুম আক্তার বলে, ‘আমাদের প্রধান শিক্ষককে মারধর করা হয়েছে। আমাদের অনেক সহকর্মী ও শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’১ সেপ্টেম্বর বাঘাইছড়ি আমতলী ইসলামি সেন্টার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জাফর আহমঞ্চদ ছাত্রলীগের সভাপতি মো. রাসেলের হাতে লাঞ্ছিত হন। এরই জের ধরে রোববার সন্ধ্যায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে শিক্ষকসহ ১৫ জন গুরুতর আহত হন। প্রধান শিক্ষক এ কে এম জাফর আহমঞ্চদ বলেন, ‘এলাকায় এখনো স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি। আমার শিক্ষক-শিক্ষার্থী ভয়ে এলাকা ছেড়েছেন। বিদ্যালয়ে গিয়ে কীভাবে ক্লাস করাব।’মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু কাউসার প্রথম আলোকে বলেন, উভয় পক্ষের মধ্যে মামলা হয়েছে। এলাকায় কেউ আসতে পারছে না।রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট ও বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমদ জানান, ঘটনার পর থেকে বিদ্যালয়টি বন্ধ রয়েছে। ইতিমধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়টি চালু করার বিষয়ে পথ খোঁজার জন্য বলা হয়েছে।