বাঘাইছড়ির গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী-বাঙালি সংহিস ঘটনায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ির আদিবাসী পল্লিগুলোতে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা না থাকায় আদিবাসীরা পান করছে ছড়া ও নদীর পানি। এ ছাড়া খোলা আকাশের নিচে রাত যাপন করায় গরম ও ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।সরেজমিন বাঘাইহাটের ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, গ্রামের প্রায় ঘরে কোনো না কোনো শিশু ডায়রিয়ায় আক্রান্ত। ভাই ভাই ছড়া গ্রামে গিয়ে দেখা যায়, কৃপাধন চাকমার ছেলে রেঞ্ছু চাকমা (৯), জবনিকা চাকমার ছেলে আশিক চাকমা (৬), মঙ্গল মণির ছেলে সাধন চাকমা (২), প্রভাত কুসুম চাকমার মেয়ে সোনালী চাকমা (১৮ মাস) ও নাতি রিটু চাকমা (১০ মাস) ডায়রিয়ায় আক্রান্ত। তাদের চিকিত্সার কোনো ব্যবস্থা নেই। জবনিকা চাকমা জানান, রাতে খোলা আকাশের নিচে কাটাতে হয়। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। ছড়ার পানি পান করতে হচ্ছে।রেতকাপা ছড়া গ্রামে গিয়ে দেখা যায়, দয়া রানী চাকমার তিন সন্তান ধন রতন চাকমা (১০), শুভ্রতা চাকমা (৭) ও সন্তোষ চাকমা (৫) ডায়রিয়ায় আক্রান্ত। বব্রু বাহন চাকমার তিন সন্তান বিশ্ব কেতু চাকমা (৮), সূচনা চাকমা (৪) ও রনা চাকমাও (১০) ডায়রিয়ায় আক্রান্ত। গ্রামের বব্র বাহন চাকমা জানান, যদি এমএসএফ হাসপাতালটি থাকত, তাহলে চিকিত্সা নিতে পারতেন। কিন্তু ঘটনার পর কে বা কারা হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে। রেতকাপা ছড়ার নাঙ্গল মারা গ্রামের আলো রানী চাকমা জানান, তাঁদের এখন প্রয়োজন বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন। কিন্তু কেউ দিচ্ছে না।সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নয়ন চাকমা জানান, ১২টি গ্রামের একটি ঘরও বাদ নেই, যেখানে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়নি। এখন দরকার ওষুধ, খাওয়ার স্যালাইন ও বিশুদ্ধ খাওয়ার পানি।