বাঘাইছড়ির দুই গ্রামে বিদ্যুৎ নেই ১৬ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী ও লাল্যাঘোনা গ্রামে ১৬ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে দুই গ্রামের চার শতাধিক গ্রাহক অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। বিদ্যুৎ বিভাগ ও গ্রাহক সূত্র জানায়, ২২ সেপ্টেম্বর হঠাৎ বাঘাইছড়ি পৌরসভার বটতলী গ্রামের ১০০ কেভি ও বাঘাইছড়ি ইউনিয়নের লাল্যাঘোনা গ্রামের ৫০ কেভি ক্ষমতাসম্পন্ন দুটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে গ্রাম দুটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে চার শতাধিক গ্রাহক। ভুক্তভোগী গ্রাহকেরা অভিযোগ করেন, ট্রান্সফরমার দুটি বিকল হয়ে যাওয়ার পর একাধিকবার আবাসিক প্রকৌশলীকে জানানো হয়েছে। একপর্যায়ে তিনি বিকল ট্রান্সফরমার সচল করতে সম্মত হলেও ২০ হাজার টাকা দাবি করেন। পরে আর কোনো খোঁজখবর নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসী। লাল্যাঘোনা গ্রামের মো. আবদুল খালেক বলেন, দুই গ্রামে গত মাসের ২২ তারিখ থেকে বিদ্যুৎ নেই। অনেকের মুরগির খামার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফ্রিজের জিনিস নষ্ট হয়ে গেছে। ছেলেমেয়েদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। অথচ কর্তৃপক্ষের কোনো নজর নেই। বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. ফখরুল জামান বলেন, ‘ট্রান্সফরমার দুটি বিকল হয়ে যাওয়ায় কয়েক শ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আমি ট্রান্সফরমার মেরামতের জন্য কাজ করছি।’ টাকা দাবির কথা জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ট্রান্সফরমার সরবরাহ করা হবে। সেখানে কিছু খরচ লাগবে। তাই টাকা চাওয়া হয়েছিল বলে তিনি জানান।