রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ৪৭টি গ্রামের ৫০০ পরিবারকে চাল দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা ১০ মেট্রিক টন চাল গতকাল বৃহস্পতিবার রাঙামাটি জেলা পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়। জুমের ফলন কম হওয়ায় সাজেক ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে খাদ্যসংকট দেখা দিয়েছে।
গতকাল সকাল ১০টায় সাজেকের রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়। ৫০০ পরিবারের মধ্যে প্রতি পরিবার ২০ কেজি চাল চায়। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও প্রীতি বিকাশ ত্রিপুরা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা ও নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা প্রমুখ।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা বলেন, নিউলংকর ও লংকর মৌজার ২১ গ্রামে ও ব্যাটলিং, শিয়ালদাই মৌজায় আগে বাদ পড়া ২৬ গ্রামের মোট ৫০০ পরিবারকে চাল দেওয়া হয়েছে।