বাঘাইছড়ির বাজারে অগ্নিকাণ্ড ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাড়াটে ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার সকালে দুরছড়ি বাজারের কমিউনিটি সেন্টারের সামনে এই মানববন্ধন করা হয়।
সকালে দুরছড়ি বাজার দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন শুরু হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে দেড় শতাধিক ব্যবসায়ী অংশ নেন। দুরছড়ি বাজার দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অমর কুমার দের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন খেদারমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, দুরছড়ি বাজার দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিল্টু চাকমা, ইউপি সদস্য মো. মুনির হোসেন।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাড়াটে ব্যবসায়ীরা। কিন্তু সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নেওয়ার সময় তাঁদের বাদ দেওয়া হচ্ছে। সম্প্রতি সরকারিভাবে সহযোগিতার জন্য একটা তালিকা চাওয়া হয়। ওই তালিকা থেকে প্রকৃত ভাড়াটে ব্যবসায়ীদের বাদ দেওয়া হয়েছে।
গত ২০ অক্টোবর অগ্নিকাণ্ডে দুরছড়ি বাজারের বেশির ভাগ দোকানঘর ও বাজারের আশপাশের অনেক বসতঘর পুড়ে যায়।
দুরছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. খায়ের আহম্মেদ বলেন, তাঁরা কোনো ভাড়াটে ব্যবসায়ীকে বাদ দিয়ে তালিকা করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, তাঁর কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় কে ভাড়াটিয়া, কে মালিক তা উল্লেখ নেই।