বাঘাইছড়ির সাজেকে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত বছর এ এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র এ কথা বলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র বলছে, উপজেলার বিভিন্ন এলাকায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করা গেলেও সাজেক ইউনিয়নে তা করা যাচ্ছে না। প্রতিবছর ম্যালেরিয়ায় অনেক মানুষের মৃত্যু হয়। গত বছর ব্র্যাক ও স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেকে চিকিৎসা ক্যাম্প চালু করেছে।ব্র্যাকের সাজেক ইউনিটের সমন্বয়ক মিলন জ্যোতি চাকমা জানান, এখানে ম্যালেরিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত জুন মাসে ৮০ জন ম্যালেরিয়া রোগী পাওয়া যায়। জুলাইয়ে ১২২ জনকে তাঁরা চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার জুলাইয়ে ৩৭ জনকে চিকিৎসা দিয়েছে বলে জানা গেছে। সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা প্রথম আলোকে বলেন, সাজেকে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসক ও পর্যাপ্ত ওষুধ না থাকায় মানুষ উদ্বিগ্ন। এ ছাড়া যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় রোগীদের সময়মতো চিকিৎসা ক্যাম্পে নেওয়া যায় না। গত বছর এই এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আরিফ উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে মাচালং এলাকায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকের সংকটের কারণে সাজেকে চিকিৎসক দেওয়া যাচ্ছে না। তাঁর দাবি, সাজেকে ম্যালেরিয়া এখনো নিয়ন্ত্রণে রয়েছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে। জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা বলেন, ‘সাজেক ইউনিয়নে একজন চিকিৎসক দেওয়ার জন্য একাধিকবার বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি। জেলা প্রশাসকের সমন্বয় সভায় বিষয়টি আবারও উত্থাপন করব।’