বাঘাইছড়ির সেই বিদ্যালয়ে ফের প্রাণচাঞ্চল্য
সহিংস ঘটনার কারণে বন্ধ হয়ে যাওয়া রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট উচ্চবিদ্যালয়টি প্রায় আড়াই মাস পর চালু করা হয়েছে। প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পেয়ে কর্তৃপক্ষ গত রোববার থেকে বিদ্যালয়ের সব কার্যক্রম শুরু করে। বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি একদল বাঙালি বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষক ও ২৮ শিক্ষার্থী জিম্মি করে রাখে। পরে ১৯ ও ২০ ফেব্রুয়ারি আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং দোকান ও ঘরে আগুন লাগানো হয়। এসব ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে আদিবাসী অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে না পাঠানোর সিদ্ধান্ত নেন। এতে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ বিষয়ে প্রথম আলোতে কয়েকটি প্রতিবেদন ছাপা হয়েছে। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় চালুর প্রথম দিনেই প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। তবে আতঙ্ক না কাটায় চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে মাত্র ১৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। প্রধান শিক্ষক শাক্য বোধি চাকমা জানান, প্রায় আড়াই মাস পর বিদ্যালয়টি চালু করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।