বাঘাইছড়ির ৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে রিংওয়েল কিংবা টিউবওয়েল নেই। এতে এসব বিদ্যালয়ের ১০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় মোট ১২০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি ৫৩টি, রেজিস্টার্ড বিদ্যালয় ২৮টি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৯টি। এসব প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৩৩টি বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। বাকি ৮৭ প্রাথমিক বিদ্যালয়ে রিংওয়েল কিংবা টিউবওয়েল নেই। শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে ক্লাস চলাকালে পানির তৃষ্ণা পেলে শিক্ষার্থীদের পানি পানের জন্য পাশের বাড়িতে যেতে হয়। অনেক সময় কুয়া, নদী ও ঝিরি থেকে ময়লা পানি পান করতে হয়। কচুছড়ি, পশ্চিম বড়াদম সরকারি ও জারুলছড়ি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের আশপাশে কোনো বসতি নেই। নেই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা। শিক্ষার্থীরা পাশের ছড়া, ঝিরি ও কুয়া থেকে ময়লা পানি পান করছে। জারুলছড়ি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পঞ্চম ও চতুর্থ শ্রেণীর ছাত্র নয়ন জ্যোতি চাকমা ও বিমল কান্তি চাকমা বলে, তাদের বিদ্যালয়ে নলকূপ নেই। পানির তৃষ্ণা পেলে ছড়া ও কুয়া থেকে পান করতে হয়। বটতলী রাবার প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বৃষকেতু চাকমা বলেন, বর্ষাকালে শিক্ষক-শিক্ষার্থীরা বৃষ্টির পানি ব্যবহার করলেও শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট দেখা দেয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘অধিকাংশ বিদ্যালয়ে নলকূপ কিংবা বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নেই। আমি কয়েক দিন আগে পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করেছি, যেগুলোর একটাতেও নলকূপ নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘শুনেছি অনেক বিদ্যালয়ে পানির সংকট চলছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলী ও জনস্বাস্থ্য প্রকৌশলীকে বলা হবে।’