বাঘাইহাটে আবার আদিবাসীদের বাড়িঘরে আগুন
আদিবাসী ও বাঙালির মধ্যে সহিংস ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে আদিবাসীদের বাড়িঘরে আবারও আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে ১২টি বাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। বাঘাইছড়ি থানার দ্বিতীয় কর্মকর্তা মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানকার ফাঁড়ির পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁরা না ফেরা পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ডানে ভাইব্যাছড়া এলাকার বাঙালিরা আদিবাসীদের এলাকায় এসে প্রথমে লুটপাট চালায়, পরে বাড়িগুলোতে আগুন লাগিয়ে দেয়। গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালির মধ্যে সহিংস ঘটনায় বাঘাইহাটের কমপক্ষে নয়টি পাড়ায় আগুন লাগানো হলে চার শতাধিক বাড়ি পুড়ে যায়। এ ঘটনায় এ পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য জ্যোত্স্না রানী চাকমা জানান, যেখানে আগুন লাগানো হয়েছে তার পাশে বাঙালি বসতি রয়েছে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি যেসব বাড়ি অক্ষত ছিল সেগুলোই পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে বাঘাইহাট বাজার সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন দাবি করেছেন, ওই এলাকায় বাঙালিরা থাকে না। আদিবাসীরাই নিজেদের ঘর পুড়িয়েছে।