বাঘাইহাটে ক্ষতিগ্রস্তদের জন্য কনসার্ট হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে আদিবাসী-বাঙালিদের মধ্যে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর বাঘাইহাট ভিকটিমস’-এর আয়োজনের অনুমতি দেয়নি রাঙামাটি জেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেল তিনটায় চাকমা রাজার কার্যালয় মাঠে কনসার্ট শুরু হওয়ার কথা ছিল। এ ঘটনায় আয়োজকেরা অনুষ্ঠানের নির্ধারিত সময়ে সেখানে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন। বাঘাইহাট ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা কমিটি ওই কনসার্টের আয়োজন করেছিল।কমিটির আহ্বায়ক তনয় দেওয়ান এক বিবৃতিতে প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, মানুষের দুর্দশার সময়ে সহানুভূতিশীল ও দরদি মানুষ মানবিক সহায়তা দিতে পারবে না এটা নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, গত রোববার কনসার্ট আয়োজনের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয় কনসার্টের আয়োজন করা যাবে না। জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী জানান, আবেদনটি জেলা পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। বিশেষ শাখা থেকে বর্তমান পরিস্থিতিতে এমন আয়োজন ঠিক হবে না বলে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি।