বাঘাইহাটের ঘটনার জন্য দায়ী সরকারি দলের গাফিলতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বাঘাইহাটের ঘটনার জন্য সরকারি দলের গাফিলতিকে দায়ী করেছেন। তিনি বলেছেন, সেনাবাহিনী প্রত্যাহারের কারণে পাহাড়ে অশান্তি সৃষ্টি হয়েছে। সেনা প্রত্যাহার না করলে এ ধরনের ঘটনা ঘটত না। তিনি বাঘাইহাটের আদিবাসী-বাঙালির নিরাপত্তা রক্ষায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার বিএনপির পাঁচ সদস্যের সংসদীয় দল বাঘাইহাটে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত গঙ্গারামমুখ এলাকা পরিদর্শন করে। তারা বাঘাইহাট বাজারে সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাঙালিদের সঙ্গে কথা বলে। তবে গঙ্গারামমুখ এলাকার আদিবাসীরা তাদের সঙ্গে কথা বলেননি। সাজেক ভূমি রক্ষা কমিটি বা সাজেক নারী সমাজের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।দুপুর সোয়া দুইটার দিকে বিএনপির সংসদীয় দল রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার দলীয় কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে গঙ্গারামমুখ এলাকায় যায়। তাদের সঙ্গে যোগ দেন বাঘাইহাটের বাঙালিরা। এদের মধ্যে সহিংস ঘটনায় নিহত বুদ্ধপুদি চাকমা ও লক্ষ্মী বিজয় চাকমা হত্যা মামলার কয়েকজন আসামিও ছিলেন। সেখানে পুড়ে যাওয়া ভিটার ওপর নতুন নির্মিত কয়েকটি দোকানে কয়েকজন আদিবাসী বসে থাকলেও তাঁরা সংসদীয় দলের সঙ্গে কথা বলেননি।এ সময় খাগড়াছড়ির এক আদিবাসী বিএনপি কর্মী স্বর্ণপ্রিয় চাকমা (১৮) নামের এক যুবককে এনে সাংসদদের সঙ্গে কথা বলতে বলেন। স্বর্ণপ্রিয় সাংসদদের বলেন, ‘বাঙালি আর সেনাবাহিনীর সদস্যরা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। বাধা দিতে গেলে সেনাবাহিনীর সদস্যরা গুলি করেছেন। আমরা খুব অসহায়। আমরা নিরাপত্তা চাই।’ বিএনপির সংসদীয় দলকে বর্জনের আহ্বান জানিয়ে গঙ্গারামমুখ এলাকায় সাজেকবাসীর নামে প্রচুর পোস্টার দেখা যায়। সেখানে পৌঁছে বাঙালিরা সেগুলো ছিঁড়ে ফেলে। এ ছাড়া আদিবাসীদের পুড়ে যাওয়া ভিটে দেখিয়ে সেগুলো নিজেদের বলে সাংসদদের কাছে দাবিও করেন বাঙালিরা। বিএনপির সংসদীয় দল গঙ্গারামমুখ এলাকা থেকে সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যায়। সেখানে এ সংসদীয় দলের প্রধান ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন বলেন, এখানে পাহাড়ি-বাঙালি সবাইকে শান্তি-সম্প্রীতি নিয়ে বসবাস করতে হবে। সংঘাতে সবারই ক্ষতি হয়। পাহাড়ি-বাঙালি যেন শান্তি-সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারে, সে উদ্যোগ নিতে তিনি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য দেন সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূইয়া। সংসদীয় দলের অপর তিন সদস্য হলেন জাফরুল ইসলাম চৌধুরী, আশরাফ উদ্দিন নিজাম ও নাজিম উদ্দিন আহমেদ। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানও তাঁদের সঙ্গে ছিলেন।বিএনপির সংসদীয় দল বাঘাইহাট থেকে খাগড়াছড়ি যায়। তাঁরা খাগড়াছড়ি সদরের সাতভাইয়াপাড়া পরিদর্শন করেন। এরপর সংসদীয় দল খাগড়াছড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জয়নাল আবদিন বলেন, সংসদীয় দল পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলে আরও জেনেছেন কিছু কিছু এনজিও চিহ্নিত কিছু লোককে ত্রাণ দিচ্ছে। পাঁচ সদস্যের এ সংসদীয় দল বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার কাছে একটি প্রতিবেদন দেবে। এ প্রতিবেদনের ভিত্তিতে দেশনেত্রী সংবাদমাধ্যমের সাহায্যে দেশবাসীকে জানাবেন। বিএনপির কেন্দ্রীয় সদস্য খাগড়াছড়ির সমীরণ দেওয়ানসহ দলের জেলা নেতারা এ সময় উপস্থিত ছিলেন।