রাঙামাটির বাঘাইহাটের সাজেক ইউনিয়নে সৃষ্ট উত্তেজনা ও পাহাড়িদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিভিন্ন সংগঠন। তারা ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে। গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো এসব দাবি জানায়।আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, বাঘাইহাটের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসী নয়টি সংগঠন। তারা বলেছে, আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধ না হলে পার্বত্য চট্টগ্রামে আবারও শান্তিচুক্তি-পূর্ববর্তী অশান্ত পরিস্থিতির সৃষ্টি হবে।বাঘাইছড়িতে পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সমাবেশে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করে। সমাবেশ শেষে তারা বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণ প্রদান ও সব অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহারসহ ছয় দফা দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেয়।কর্মসূচিতে অংশ নেয় পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, গারো স্টুডেন্টস ইউনিয়ন, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, মারমা স্টুডেন্টস কাউন্সিল বাংলাদেশ, রাখাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বর্মণ ছাত্র সংগঠন ও সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন।অন্যদিকে দেশের ছয়টি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্মিলিতভাবে একটি বিবৃতি পাঠায়।আসকের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সরকারের কাছে পাঁচ দফা দাবিও জানানো হয়। এর মধ্যে রয়েছে আক্রান্ত লোকদের জরুরি ভিত্তিতে খাদ্য ও চিকিত্সার ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক ভূমি কমিশনকে কার্যকর করা।বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এ ঘটনার নিন্দা জানিয়েছে। সম্মিলিত সামাজিক আন্দোলন এক বিবৃতিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দেশের বিশিষ্ট অধ্যাপক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মীদের স্বাক্ষর করা এই বিবৃতিতে দ্রুত শান্তিচুক্তি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।