বাঘাবাড়ী নৌবন্দর স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিমুখী সমস্যায় স্থবির হয়ে পড়েছে বাঘাবাড়ী নৌবন্দর। সপ্তাহ দুয়েক হলো এই বন্দরে সারসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজের সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। এ অবস্থায় বেকার হয়ে পড়েছেন বন্দরে কর্মরত আট শতাধিক শ্রমিক। এ ছাড়া বন্দরের রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
নৌবন্দরে কর্মরত তিন-চারজন ব্যক্তি জানান, বাঘাবাড়ী উত্তরাঞ্চলের প্রধান নৌবন্দর। উত্তরাঞ্চলের ১৬ জেলার বেশির ভাগ সারই এই নৌবন্দরের মাধ্যমে সরবরাহ করা হয়। এ ছাড়া সিমেন্টের ক্লিংকার, কয়লা, পাথরসহ আরও বিভিন্ন পণ্য নিয়ে এই বন্দরে এসে জাহাজ ভেড়ে। প্রতিবছরের এই সময় সারসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজের ভিড়ে এই নৌবন্দর সরগরম থাকলেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। বন্দরে এসে ভেড়া জাহাজের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পাওয়ায় দুই সপ্তাহ ধরে বন্দর এলাকা অনেকটাই ফাঁকা হয়ে রয়েছে।
বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মূলত তিনটি কারণে বাঘাবাড়ী নৌবন্দরে এমন স্থবিরতা দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো সারের একটি বড় অংশ মংলা সমুদ্রবন্দরের মাধ্যমে আমদানি করা। এ ছাড়া অবরোধ-হরতাল ও নাব্যতাসংকটের কারণেও বন্দরে জাহাজের সংখ্যা কমে গেছে।
বাঘাবাড়ী নৌবন্দরের লেবার হ্যান্ডলিং এজেন্টের পরিচালক আবদুল মজিদ ও প্রতিনিধি আবুল হোসেন জানান, হরতাল-অবরোধ ও নাব্যতাসংকটের কারণে এমনিতেই বন্দরের পরিস্থিতি নাজুক। কিন্তু এর চেয়েও বেশি সমস্যার সৃষ্টি হয়েছে মংলা সমুদ্রবন্দরের মাধ্যমে সারের একটি বড় অংশ আমদানি করায়। তাঁরা জানান, বাঘাবাড়ী নৌবন্দরের সঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দরের সরাসরি যোগাযোগ থাকলেও মংলার সঙ্গে তা নেই। এ কারণে চট্টগ্রাম বন্দর থেকে বাঘাবাড়ীতে জাহাজে করে সার আনা গেলেও মংলা থেকে তা আনা যাচ্ছে না। মংলা সমুদ্রবন্দর থেকে ট্রাকে করে উত্তরাঞ্চলে সার আনা হচ্ছে। এতে হরতাল-অবরোধের মধ্যে সার পরিবহনে জটিলতা ও ঝুঁকি বাড়ছে। তাঁরা দাবি করেন, বিসিআইসি বাঘাবাড়ী নৌবন্দরে নাব্যতাসংকটসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে এবারই প্রথম মংলা বন্দরের মাধ্যমে সারের বড় একটা অংশ আমদানি করেছে। আর এতে বাঘাবাড়ী নৌবন্দরের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি সার পরিবহনেও সমস্যা দেখা দিয়েছে। সারের এই ভরা মৗসুমে অন্যান্য বছর বাঘাবাড়ী নৌবন্দরে সব মিলিয়ে প্রতিদিন অর্ধশতাধিক জাহাজ ভিড়ে থাকলেও এখন এ সংখ্যা ছয়-সাতটিতে নেমে এসেছে। এ অবস্থায় বন্দরের আট শতাধিক শ্রমিকসহ বন্দরসংশ্লিষ্ট সবাই ক্ষতির মুখে পড়েছেন।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, বাঘাবাড়ী নৌবন্দরে ছয়-সাতটি জাহাজ ভিড়ে রয়েছে। আর ৩০ থেকে ৪০ জন শ্রমিক জাহাজে মাল ওঠানো-নামানোর কাজে ব্যস্ত। বন্দরের পাঁচ-ছয়জন ব্যক্তি জানান, এই জাহাজগুলো বন্দরে এসে ভিড়েছে গত তিন দিনে। এগুলো আসার আগের ১০-১২ দিন বন্দরে একটি জাহাজও আসেনি। অন্যান্য বছর সারের ভরা মৌসুমের এ সময় প্রতিদিন ৬০০ থেকে ৭০০ শ্রমিক জাহাজে মাল ওঠানো-নামানোর কাজ করতেন।
বন্দরে কর্মরত শ্রমিকসর্দার লিচু মিয়া ও আল মাহমুদ জানান, গত ১৫ দিনের মধ্যে ১০-১২ দিন বন্দরে কোনো জাহাজ আসেনি। ওই কয়েক দিন বন্দরের সব শ্রমিক বেকার ছিলেন। তিন দিন ধরে হাতে গোনা কয়েকটি জাহাজ এলেও তাতে সব শ্রমিকের কাজ করার সুযোগ নেই। অথচ গত বছর এই সময় বন্দরের সব শ্রমিককে রাত-দিন কাজ করতে হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে শ্রমিকদের না খেয়ে থাকতে হবে বলে তাঁরা জানান।
বাঘাবাড়ী নৌবন্দরের সহকারী পরিচালক আজমল হুদা বলেন, ‘মংলা সমুদ্রবন্দরের মাধ্যমে সার আমদানির কারণে বাঘাবাড়ী নৌবন্দরে এমন স্থবিরতা দেখা দিয়েছে। এখন পর্যন্ত এই বন্দরের রাজস্ব আয় মোটামুটি ঠিক থাকলেও জাহাজের সংখ্যা কমে যাওয়ায় যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে রাজস্ব আয় মারাত্মকভাবে কমে যেতে পারে।’