বাঘাবাড়ীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী বন্দরে ওয়েস্টমন্ট পাওয়ার প্রাইভেট লিমিটেডের বন্ধ থাকা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (বিজয়ের আলো-১) অগ্নিকাণ্ডে কেন্দ্রটির প্যানেল বোর্ডসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে৷
বাঘাবাড়ী ওয়েস্টমন্ট পাওয়ার প্রাইভেট লিমিটেড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিফট ইঞ্জিনিয়ার তরুণ কুমার বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷
অগ্নিকাণ্ডের সময় দ্রুত পিডিবির লাইন বন্ধ করা হয় এবং অগ্নিনির্বাপক নয়টি ড্রাই পাউডার সিলিন্ডার ও ওয়াটার পাম্পের সাহায্যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দিয়ে দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার সময় ওয়েস্টমন্ট পাওয়ার প্লান্টের তিনজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
এঁদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে৷ এঁরা হলেন মিটারম্যান আব্দুর রাজ্জাক ও কর্মচারী আবুল কালাম।