‘চাঁদার দাবিতে’ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় আওয়ামী লীগের এক নেতা পণ্ড করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ডিপো থেকে শ্রমিকেরা তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন। গতকাল শনিবার সকাল নয়টা থেকে উত্তরবঙ্গে তেল সরবরাহ বন্ধ রয়েছে।
বাঘাবাড়ী ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে তাড়াশ উপজেলার খালকুলায় শ্রমিক ইউনিয়নের একটি ফিলিং স্টেশন নির্মাণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ফিলিং স্টেশনটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু স্থানীয় নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাইফুজ্জামান আলমের নেতৃত্বে একদল নেতা-কর্মী চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় উদ্বোধনী মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এতে উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা গতকাল সকাল থেকে নগরবাড়ী-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। সেই সঙ্গে বাঘাবাড়ী ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেন। এ ছাড়া বন্দর থেকে সারসহ সব ধরনের মালামাল পরিবহনও বন্ধ করে দেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়। কিন্তু ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ ও মালামাল পরিবহন বন্ধ রয়েছে।
এ বিষয়ে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, ‘আওয়ামী লীগ নেতা ছাইফুজ্জামান দলবল নিয়ে চাঁদার দাবিতে উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করে দেন। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছি। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্দর থেকে মালামাল পরিবহন করা হবে না।’
অভিযোগ অস্বীকার করে ছাইফুজ্জামান আলম বলেন, কোনো চাঁদা দাবি করা হয়নি। ফিলিং স্টেশন থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি দলীয় সভা থাকায় তাঁদের উদ্বোধনী অনুষ্ঠান পরের দিন করতে বলা হয়েছিল। কোনো ভাঙচুরও করা হয়নি।
বাঘাবাড়ী ডিপো কর্মকর্তারা বলেন, প্রতিদিন এ ডিপো থেকে সরকারি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির ১৮-১৯ লাখ লিটার জ্বালানি তেল উত্তরবঙ্গসহ টাঙ্গাইল ও জামালপুরে সরবরাহ হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে তেল সরবরাহ বন্ধ রয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, এ ঘটনায় ছাইফুজ্জামান আলমসহ ৫০-৬০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।