বাঘাবাড়ী ডিপোতে শ্রমিকদের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে গতকাল সোমবার জ্বালানি তেল গ্যাস ডিস্ট্রিবিউটর বণিক সমিতির সদস্যদের ওপর হামলা চালিয়েছে ট্যাংকলরি শ্রমিকেরা। এতে তিনজন আহত হয়েছে। ট্যাংকলরি শ্রমিকেরা ডিপো অফিস ভাঙচুর ও ঢাকা-পাবনা মহাসড়কও অবরোধ করেন। এ সময় ছয় ঘণ্টা তেল উত্তোলন বন্ধ থাকে। পরে স্থানীয় সাংসদ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অভিযোগ উঠেছে, একজন ট্যাংকলরি শ্রমিক নেতার ইন্ধনে এসব ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি তেল গ্যাস ডিস্ট্রিবিউটর বণিক সমিতির সদস্যরা গতকাল সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) শাহজাদপুর বিপণনকেন্দ্রে তেল উত্তোলন করতে গেলে ট্যাংকলরি শ্রমিকেরা বাধা দেন। এ সময় শ্রমিকদের হামলায় তেল ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মেরাজ উদ্দীন (৩২), মোটরশ্রমিক ছাত্তার (৩০) ও প্রভাত (৪০) আহত হন। পরে তাঁরা তেল ব্যবসায়ীদের কার্যালয় ভাঙচুর করেন। একই সঙ্গে ডিপোর গেটের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। এতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। স্থানীয় সাংসদ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। তেল উত্তোলনও স্বাভাবিক হয়। যমুনা অয়েল কোম্পানির ডিপো সুপার ইউসুফ জাই জানান, ডিপোর ভেতরে ঘর তুলে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের নেতৃত্বে শ্রমিকেরা দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করছেন। ডিপোর ভেতর স্পর্শকাতর স্থানে বসে তাঁরা ধূমপানও করছেন। শাহ মখদুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোক্তার হোসেন অভিযোগ করেন, তাঁর নতুন ট্যাংকলরি তেল উত্তোলন করতে গেলে শাহজাহান ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। ১০ হাজার টাকা দেওয়ার পর গাড়ির সিরিয়াল দেওয়া হয়। কিন্তু বাকি টাকা না দেওয়ায় ডিপোতে গাড়ি ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। জানতে চাইলে শাহজাহান বলেন, ‘প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করেই ডিপোর মধ্যে ঘর তোলা হয়েছে। এখানে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হয়। অবৈধ কিছু নেওয়া হয় না। ডিপো থেকে ভেজাল তেল সরবরাহ করা হচ্ছে—এমন অভিযোগ করায় আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে।’এসব ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগের নেতাদের ইঙ্গিত করে সাংসদ চয়ন ইসলাম বলেন, ‘বাইরের ডিস্ট্রিবিউটররা বাঘাবাড়ী থেকে তেল উত্তোলন সর্বনিম্ন পর্যায়ে করে থাকেন। স্থানীয় ব্যবসায়ীদের শায়েস্তা করতে ট্যাংকলরি শ্রমিকদের দিয়ে প্রতিশোধমূলক কাজ করানো হচ্ছে। এ ধরনের হঠকারিতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’