বাঘাবাড়ী বন্দরে খনন বন্ধ, জাহাজ ভিড়তে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে জাহাজ ভেড়ার জন্য তিনটি জেটি এলাকায় খনন শুরু করা হলেও আকস্মিকভাবে গত বুধবার থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।অভিযোগ উঠেছে, একটিমাত্র জেটি খনন করায় সার ও পণ্যবাহী জাহাজ এখনো বন্দরে ভিড়তে পারছে না।বাঘাবাড়ী বন্দর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খনন বিভাগ সূত্রে জানা গেছে, সার, পণ্য ও তেলবাহী জাহাজ জেটিতে ভিড়তে সমস্যা হওয়ায় দুই মাস আগে বাঘাবাড়ী বন্দর থেকে পূর্ব দিকে ভাটিতে ওয়েস্টমন্ড পাওয়ার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পর্যন্ত খনন করার অনুরোধ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে নৌ-সংরক্ষণ ও পরিচালন কার্যালয়ের খনন বিভাগ ৮ মার্চ থেকে বন্দরের বিপিসি তেল ডিপোর জেটি এলাকায় খনন শুরু করে। ২০ দিন কাজ করার পর বুধবার আকস্মিকভাবে খননকাজ বন্ধ করে দেওয়া হয় এবং খননযন্ত্র নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়।বাঘাবাড়ী নৌবন্দর পরিচালনার দায়িত্বে নিয়োজিত মো. আলতাফ হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা নদী খনন করার জন্য খননযন্ত্র পাঠালেও এই লোকজন ইচ্ছা করেই খনন করছে না। বিপিসির এলাকায় এবং ভাটিতে কয়েক ফুট এলাকায় লোক দেখানো খনন করা হয়েছে। প্রতিদিন যেখানে বেশি জাহাজ আসে, সেখানে খনন করা হয়নি। খনন না করে তারা চলে যাওয়ার পাঁয়তারা করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।বাংলাদেশ নৌ-যান পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো. জেন্নাত আলী জানান, খনন কর্তৃপক্ষ সারবোঝাই জাহাজ যেখানে ভিড়ে থাকে সেখানে খনন করেনি। এ কারণে কোনো জাহাজই ভিড়তে পারছে না। স্থানীয় উপসহকারী প্রকৌশলী এরশাদ আলী বলেন, ‘আমাদের ১২০ ফুট করে চওড়া এবং ছয় ফুট উঁচু পরিমাণ পানি রেখে খননের নির্দেশ রয়েছে। সেই মোতাবেক দুটি স্থানে মোট এক হাজার ৩০০ ফুট খনন করা হয়েছে। পানি বৃদ্ধি পেতে শুরু করায় খননকাজ বন্ধ করা হয়েছে।নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক মো. শাহজল হোসেন বলেন, ‘পত্র পাওয়ার পর খনন বিভাগকে খনন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ওই স্থানে খননযন্ত্র গেছে বেশি করে খনন করে, বন্দর এলাকাটি সচল করে আসার জন্য বলা হয়েছে। খনন যন্ত্র তো আর বারে বারে পাঠানো সম্ভব না।’খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দীন পাঠান বলেন, ‘আমাদের শুধু বিপিসির এলাকায় খননের নির্দেশ রয়েছে। এ কারণে এই এলাকায় খনন শেষ করে চলে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এখন আর খননের প্রয়োজন হবে না।’