সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার আমিনুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে অফিস চলাকালে কারখানার চাকরিচ্যুত কর্মচারীরা এ ঘটনা ঘটান। এর প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকা ও বাঘাবাড়ীতে মিল্ক ভিটার সব কর্মকর্তা কর্মবিরতি পালন করবেন।মিল্ক ভিটার কর্মকর্তাদের বরাত দিয়ে শাহজাদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর মিল্ক ভিটার স্থানীয় কর্মকর্তারা মিলে পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। এতে চাকরিচ্যুত কর্মচারীদের বিরুদ্ধে ডিজিএমকে লাঞ্ছিত করার অভিযোগ এনে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, নিরাপত্তার অভাবে আপাতত তাঁরা এ খামারে দুগ্ধ উত্পাদন ও সরবরাহ বন্ধ রাখবেন।পুলিশের ভাষ্য, গতকাল দুপুরে মিল্ক ভিটার চাকরিচ্যুত প্রায় ২৫ জন কর্মচারী দলবেঁধে ডিজিএম খন্দকার আমিনুল ইসলামের কক্ষে ঢুকে তাঁদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। একপর্যায়ে তাঁরা ডিজিএমকে গালিগালাজ করেন এবং অফিসকক্ষ থেকে বের করে দরজায় তালা ঝুলিয়ে দেন। কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে মিছিল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিপুল নামের একজনকে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।