বাঘাবাড়ীতে মিল্ক ভিটার দুই কর্মচারীকে বদলি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাঘাবাড়ী মিল্ক ভিটা কারখানার দুজন কর্মচারীকে বদলি করা হয়েছে। এদিকে চাকরিচ্যুত কর্মচারীরা গত বুধবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন। কারখানা সূত্র জানায়, ঢাকা থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় কর্মচারী হারুন আর রশিদ ওরফে মোহন ও হিসাবরক্ষক ইকবাল হোসেনের বদলির আদেশ আসে। ওই দুজনের বিরুদ্ধে কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার আমিনুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের বদলির আদেশে কর্মচারীদের মধ্যে বদলি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ঢাকার তেজগাঁওয়ে মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) সাখাওয়াত হোসেন বদলির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইকবাল হোসেনকে পঞ্চগড়ে ও হারুন অর রশিদকে ময়মনসিংহের ত্রিশালে বদলি করা হয়েছে। এ দুই জায়গায় মিল্ক ভিটার নতুন কার্যালয় স্থাপন করা হচ্ছে। এসব কারখানায় জনবল প্রয়োজন। এ কারণেই তাঁদের বদলি করা হয়েছে।’কারখানার প্রধান ফটকের সামনে বেলা ১১টার দিকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চাকরিচ্যুত সামিউল হক ওরফে বাকী, শহিদুল ইসলাম, বাবু, প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা থাকা সত্ত্বেও তাঁদের চাকরিতে বহাল করা হচ্ছে না। এ জন্য তাঁরা মহাব্যবস্থাপকের পদত্যাগের দাবি জানান। চাকরিতে পুনর্বহাল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে কারখানা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন বক্তারা।