বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের কারণে সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরে ৩৫টি জাহাজ থেকে মালামাল খালাস আট দিন ধরে বন্ধ রয়েছে। নৌপথে নিরাপত্তা প্রদান ও নৌযানের শ্রমিকদের বর্ধিত বেতন-ভাতা প্রদানের দাবিতে এ ধর্মঘট শুরু হয়েছে।বাঘাবাড়ী নৌ বন্দর ও নৌযান-শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি জাহাজমালিক-শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের যৌথ সভায় নৌযানের শ্রমিকদের জন্য ২০ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হলেও তা এখনো কার্যকর হয়নি। এ কারণে ফেডারেশন ৪ এপ্রিল থেকে এই ধর্মঘটের ডাক দেয়। এতে বাঘাবাড়ী বন্দরে থাকা সারবোঝাই ৩০টি জাহাজ ও তেলবোঝাই পাঁচটি জাহাজ থেকেও পণ্য খালাসে শ্রমিকেরা বাধা দিচ্ছেন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি জিন্নাত আলী জানান, ইতিমধ্যে কিছু জাহাজের মালিক বর্ধিত হারে বেতন পরিশোধ করায় এবং নিরাপত্তার বিষয়ে প্রশাসন থেকে আশ্বাস দেওয়ায় ওই সব জাহাজ চলাচল শুরু করেছে। তবে এ সংখ্যা খুবই নগণ্য।