বাঘায় জঙ্গিবাদবিরোধী সমাবেশে পুলিশি বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় পুলিশি বাধায় গতকাল শুক্রবার সাবেক ছাত্রলীগ নেতাদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ পণ্ড হয়ে গেছে। তবে পুলিশ দাবি করছে, দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের তেঁতুলতলায় গতকাল বিকেলে জঙ্গিবাদবিরোধী সমাবেশ আয়োজন করেন সাবেক ছাত্রলীগ নেতারা। সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিনের সভাপতিত্ব করার কথা ছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে সমাবেশ উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তেঁতুলতলায় জড়ো হতে থাকেন। এ সময় উপজেলা যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী সমাবেশে হামলা চালানোর চেষ্টা করলে উপস্থিত নেতা-কর্মীদের ধাওয়ার মুখে তাঁরা পালিয়ে যান। এরপর পুলিশ গিয়ে সমাবেশ বন্ধ করার নির্দেশ দেয়। লায়েব উদ্দিন উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে কিছু কথা বলেন।
আগের দিন অনুষ্ঠানের মাইকিং করার সময় দুই দফা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করা হয়। মাইক ভাঙার ব্যাপারে আগের দিন বাঘা থানার ওসি আলী মাহমুদ প্রথম আলোকে বলেছিলেন, অনুষ্ঠানে নাকি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রধান অতিথি করার কথা ছিল। কিন্তু তাঁর জায়গায় আসাদুজ্জামানকে প্রধান অতিথি করা হয়। এ জন্য উপজেলা যুবলীগের নেতারা এই হামলা চালিয়েছেন। গতকাল তিনি বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
মাইক ভাঙার ব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের ইসলামের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে গত বৃহস্পতিবার জুবায়ের ইসলাম বলেছিলেন, বিষয়টি তাঁর জানা নেই। গতকাল তিনি বলেন, যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানের বাধা দেওয়ার জন্য যাওয়ার সময় পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধার কারণেই অনুষ্ঠান হয়নি।