বাঘায় পাঁচ হাজার কেজি ত্রাণের চালের হিসাব নেই

রাজশাহীর বাঘায় বন্যাদুর্গতদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা প্রায় পাঁচ হাজার কেজি চালের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে, দুর্গত এলাকায় বিতরণ না করে চাল সরিয়ে ফেলা হয়েছে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজেরাই চাল বিতরণ করেন।তারা বলছেন, বিতরণে যেনো কোনো অনিয়ম না হয়সেজন নিজেরাই চাল বিতরণ করেন।
বাঘা উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুকূলে ১৩ টন টেস্ট রিলিফের চাল বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য ইউএনওর অনুকূলে ছাড় করা হয়। ইউএনও নিজে ডিও-তে স্বাক্ষর করেন। ৫০ কেজি ওজনের মোট ২৬০টি বস্তায় চালগুলো বহন করা হয়।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে দুটি নৌকায় ৫৩ বস্তা করে ১০৬ বস্তা চাল নিয়ে ইউএনও আবদুস সোবহান উপজেলার বিভিন্ন গ্রামে চাল বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূরুল ইসলাম অপর একটি নৌকায় ৫৪ বস্তা চাল নিয়ে এলাকায় যান।
গতকাল সোমবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, অনেক মানুষ বাড়িঘর ভেঙে নৌকায় তুলে অন্যত্র আশ্রয়ের সন্ধানে ছুটছে। অনেকের বাড়িঘর অর্ধেক পানিতে ডুবে রয়েছে। চকরাজাপুর গ্রামের নজরুল ইসলাম (৩০) বলেন, ‘বাসায় চুলা জ্বালাবার মতো শুকনা জায়গাটুকু নেই। দুই দিন থেকে চিড়া চিবাইয়া বাঁইচা আছি। সরকার নাকি ১৩ টন চাল দিয়ে গেল। আমি এক মুঠো চালও পাইনি।’
একই অভিযোগ মোশাররফ হোসেন (২৪) ও জিন্নাহ শিকদারের। তবে জাহের শেখ (৩২) ও সামাদ পাটাদার (৫৩) জানান, তাঁরা চার কেজি করে চাল পেয়েছেন।
কত বস্তা চাল বিতরণ করেছেন জানতে চাইলে পিআইও নূরুল ইসলাম বলেন, ৬৩ বস্তা। বাকি চাল ইউএনও বিতরণ করেছেন বলে তিনি জানান।
ইউএনও কার্যালয়ের কর্মচারীরা জানান, তাঁরা দুই নৌকায় মোট ১০৬ বস্তা চাল নিয়ে এলাকায় যান। সেগুলোই বিতরণ করেছেন। বাকি প্রায় এক শ বস্তা চালের কী হলো, তা তাঁরা বলতে পারেন না।
ইউএনও আবদুস সোবহান দাবি করেন, ১৩ টন চালের সবই বিতরণ করা হয়েছে। তিনি নিজে দুই নৌকায় কত বস্তা চাল নিয়েগেছেন বা বিতরণ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বস্তা নৌকায় এলোমেলো করে সাজানো ছিল। বস্তার হিসাব বলতে পারব না।’
অনেক মানুষ চাল পায়নি বা কম পেয়েছে— এ অভিযোগের বিষয়ে ইউএনও আবদুস সোবহান বলেন, ‘চরের মানুষ কি বলে না বলে তার ঠিক নেই।’