বাঘায় সালিসে মারধর, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় মা-মেয়ের বিরোধ মীমাংসায় আয়োজিত সালিসে মারধরে আহত এক ব্যক্তি ১৩ দিন পর গত রোববার হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম আমাল উদ্দিন (২৭)। বাড়ি উপজেলার বড় ছয়ঘটি গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই বাজুবাঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের বাড়ির সামনে আমাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম ও আমালের শাশুড়ি রমেজানের বিবাদ মীমাংসার জন্য সালিস বসে। সালিসে স্ত্রীকে পেটানো হচ্ছে, এমন খবর পেয়ে আমাল সেখানে ছুটে যান। তাঁর মামাশ্বশুর আবদুর রহিম মনোয়ারাকে পিটিয়েছেন শুনে তিনি তাঁর ওপর চড়াও হন। এ সময় ইউপির চেয়ারম্যানের ভাই হাসমত আলীর নির্দেশে আবদুর রহিম, হাফিজুল ইসলাম, চেয়ারম্যানের ছেলে খালিদুল ইসলামসহ কয়েকজন আমালকে লাঠি দিয়ে পিটুনি দেন। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আমাল উদ্দিনের ভাই জামাল উদ্দিন ঘটনার দিন চেয়ারম্যানের ছেলে খালিদুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে বাঘা থানায় লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে ইউপির চেয়ারম্যান জানান, সালিসের পর দুই পক্ষের মারামারি ঠেকাতে গিয়ে তাঁর ছেলে জড়িয়ে পড়েন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।