রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ ও র্যাবের সদস্যরা বাঘা পৌরসভার কলিগ্রামের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ শাহরিয়ার আলমের বাসায় হামলা চালিয়ে চাঁদা দাবি ও তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আক্কাছ আলীকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী বাঘা উপজেলার আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান। মামলায় উল্লেখ করা হয়, আক্কাছ আলী (৪৪) গত বুধবার বিকেল ছয়টার দিকে মদ্যপ অবস্থায় আড়ানী পৌরসভার সাংসদ শাহরিয়ার আলমের বাসায় যান। এ সময় তিনি (বাদী) সাংসদের বাসায় ছিলেন। আক্কাছ আলী তাঁকে উদ্দেশ করে চিৎকার করে বলতে থাকেন, ‘কোথায় তোর এমপি? আমার মামলায় জামিন নিতে এক লাখ টাকা খরচ হয়েছে। এই টাকা এমপিকে দিতে হবে।’ একপর্যায়ে তিনি সাংসদের মা-বাবাকে অকথ্য ভাষায় গালাগাল করে বাসা থেকে বের হয়ে যান। সেখান থেকে স্থানীয় ইউসুফ আলীর বাসার সামনে এসে তিনি সাংসদকে ফের গালাগাল করেন এবং বাঘায় এলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেন। সন্ধ্যা সাতটার দিকে তিনি আড়ানী জামে মসজিদে গিয়ে অশ্লীল ভাষায় চিৎকার ও গালাগাল করতে থাকেন, যা মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। পুলিশ জানায়, গতকাল ভোররাতে আক্কাছ আলীকে গ্রেপ্তার করে সকালে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আদালতের মাধ্যমে পাঠানো হয় জেলহাজতে। বাঘা থানার ওসি আলী আহাম্মদ হাশমী বলেন, অনধিকার প্রবেশ, জীবননাশের হুমকি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় আক্কাছ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সাংসদ শাহরিয়ার আলম বলেন, মদ্যপায়ী আক্কাছ আলীর আচরণে দলীয় লোকজন বিব্রত। তিনি প্রায়ই এ ধরনের আচরণ করেন।