দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আজ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।আবেদনপত্রের সঙ্গে দেওয়া নাগরিক সনদে চেয়ারম্যানের হাতের স্বাক্ষর না থাকায় এবার জেলার বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের শতাধিক আবেদনকারী এ পরীক্ষায় অংশ নিতে পারছেন না।রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলার ২৭ হাজার ৫০৪ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে নাগরিক সনদে চেয়ারম্যানের স্বাক্ষরের জায়গায় স্বাক্ষরযুক্ত সিল ব্যবহারের কারণে বাউসা ইউনিয়নের শতাধিক আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র পাননি। এ ছাড়া অন্যান্য ত্রুটির কারণে আরও প্রায় দেড় হাজার পরীক্ষার্থী অংশ নিতে পারছেন না।জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বাউসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলীসহ আবেদনকারীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যান। প্রবেশপত্র পাননি—এ রকম একজন আবেদনকারী আবদুর রহিম বলেন, ‘আমাদের আবেদনে কোনো ত্রুটি ছিল না। আমরা নাগরিকত্বের সনদের জন্য ইউনিয়ন পরিষদে গেলে পরিষদের কর্মকর্তা আমাদের চেয়ারম্যানের স্বাক্ষরযুক্ত সিল দেওয়া সনদ ধরিয়ে দেন।’আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের জন্য দায়িত্ব হস্তান্তর করেছিলাম। এবার শপথ নেওয়ার আগেই পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে। এই অন্তর্বর্তী সময়ে যাঁরা সনদ নিয়েছেন, সচিব বা চৌকিদার আমার সিলযুক্ত সনদ তাঁদের সরবরাহ করতে পারেন। শতাধিক ছেলেমেয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন—এ খবর শুনে আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়েছি। কিন্তু এখন আর এ বিষয়ে কোনো সুপারিশ কর্তৃপক্ষ মানছে না।’রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নফিসা বেগম বলেন, ‘চেয়ারম্যানের হাতের সরাসরি স্বাক্ষর না থাকলে সনদ নকল হিসেবে গণ্য করা হয়। তাই আবেদনপত্র যাচাই-বাছাইয়ের সময়ই সেগুলো বাদ দেওয়া হয়েছে। এখন আর সেগুলো অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই।’