বাঘার সেই শিক্ষক ক্যানসারে আক্রান্ত
বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য রাতের বেলায় আরেক দফা পাঠদান করাতেন শিক্ষক এমদাদুল হক৷ এ নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশের পর সরকার তাঁকে সাত দিনের জন্য বিদেশ সফরে পাঠায়৷ সেই শিক্ষক এমদাদুল হক এখন অসুস্থ৷ গত বুধবার ঢাকার ক্যানসার হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি ক্যানসারে আক্রান্ত৷
এমদাদুল হক বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন৷ তিনি ওই বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য এবং মেধাবী শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত করার জন্য বিনা পারিশ্রমিকে রাতে বিদ্যালয়ে আরেক দফা পাঠদান করে আসছিলেন৷ বর্তমানে তিনি উপজেলার ধন্দহ-অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন৷ এক বছর পর তিনি অবসরে যাবেন৷ ওই বিদ্যালয়ে গিয়েও তিনি শিক্ষার্থীদের জন্য রাতের বেলায় অতিরিক্ত পাঠদান অব্যাহত রাখেন৷ অসুস্থ হওয়ার পরও তিনি পাঠদান করানো থেকে বিরত থাকেননি৷
তাঁকে নিয়ে ২০০৯ সালের ১৭ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় ‘রাতের বেলায় আরেক দফা পাঠদান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ এরপর বিষয়টি সরকারের নজরে আসে৷ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২-এর অধীনে ‘স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন’ প্রকল্পের আওতায় পরের বছর ২০১০ সালের ১৭ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সাত দিনের জন্য তাঁকে জাকার্তায় পাঠানো হয়৷
তাঁর ছেলে মাহামুদুল হক বাংলাদেশ টেলিভিশনের প্রতিবেদক৷ তিনি জানান, ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা গত বুধবার তাঁদের জানিয়েছেন, তাঁর বাবার কিডিনতে একটি টিউমার ধরা পড়েছে৷ সেখান থেকে ক্যানসার ছড়িয়েছে৷ এ অবস্থায় তাঁর শরীরে অস্ত্রোপচার সম্ভব নয়৷ থেরাপি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলে অস্ত্রোপচার করা যাবে৷