বাঘার ‘ফ্লুইড মারা’ সেই শিক্ষক বহাল তবিয়তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায় অমান্য করে প্রায় এক বছর ধরে পছন্দের প্রধান শিক্ষক দিয়ে চালানো হচ্ছে রাজশাহীর বাঘা উচ্চবিদ্যালয়। মামলার আরজি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৫ এপ্রিল বাঘা সদরে অবস্থিত ওই বিদ্যালয়ের তত্কালীন নির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদ অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শাহজাহান সরকারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। এ সময় ওই বিদ্যালয়ের কনিষ্ঠ শিক্ষক নির্মল কুমার সরকার স্থানীয় কিছু রাজনৈতিক ক্যাডারকে নিয়ে শাহজাহান সরকারের নামের জায়গায় ফ্লুইড ব্যবহার করে তাঁর নিজের নাম বসিয়ে নেন। এ ঘটনায় শাহজাহান সরকার স্থানীয়ভাবে কোনো সমাধান না পেয়ে রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। ইতিমধ্যে ব্যবস্থাপনা পর্ষদের মেয়াদ শেষ হয়ে যায়। তখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান শাহরিয়ার ফিরোজ। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে সে সময় সংবাদ প্রকাশিত হয়। এ সময় নির্মল কুমার সব শিক্ষকের বেতনের বিল পাস করলেও শাহজাহান সরকারের বেতন বন্ধ করে দেন। নিরূপায় হয়ে শাহজাহান সরকার গত বছরের ৯ জুলাই রাজশাহীর সহকারী জজ আদালতে মামলা করেন।গত বছরের ১৭ আগস্ট এ মামলার রায় হয়। বিচারক মমিনুল ইসলাম রায়ে অবিলম্বে শাহজাহান সরকারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আদেশ দেন। বিদ্যালয়ের তত্কালীন সভাপতি বাঘা থানার ইউএনও দেওয়ান শাহরিয়ার ফিরোজ আদালতের রায় অনুযায়ী নির্মল কুমারকে দায়িত্ব হস্তান্তর করতে বলেন। কিন্তু নির্মল কুমার তা অমান্য করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।এ সময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আওয়ামী লীগের নেতা ওহিদুর রহমানকে সভাপতি করে নির্মল কুমার তাঁর পক্ষের লোকজন নিয়ে চার সদস্যের একটি এডহক কমিটি গঠন করেন। পাশাপাশি ওই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করেন। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি বিচারক রাসিদা সুলতানা আপিল খারিজ করে ভুক্তভোগী শিক্ষক শাহজাহান সরকারের পক্ষে রায় দেন। আপিলে হেরে যাওয়ার পরও শাহজাহান সরকারকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার ব্যাপারে অভিযুক্ত শিক্ষক নির্মল কুমার বলেন, ‘আমি এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করব। তাই ক্ষমতা হস্তান্তর করিনি।’ ফ্লুইড ব্যবহার করে নাম পরিবর্তনের ব্যাপারে তিনি বলেন, ‘আমাকে রেজুলেশনের ফটোকপি দেওয়া হয়েছিল। আমি পরে জেনেছি, রেজুলেশনের ওপর ফ্লুইড ব্যবহার করে আমার নাম বসানো হয়েছে। আমি এ ব্যাপারে কিছু জানি না।’ এ ব্যাপারে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ওহিদুর রহমান জানান, আদালতের রায়ের কোনো কপি তিনি পাননি। কপি পেলে কমিটির সদস্যদের নিয়ে বসে সিদ্ধান্ত নেবেন।বিদ্যালয়ের তত্কালীন ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, শিক্ষক নির্মল কুমারই স্থানীয় একজন যুবলীগের নেতার মাধ্যমে রেজুলেশনে ফ্লুইড মেরে নিয়েছিলেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন আমরা বিষয়টি সুরাহা করতে পারিনি।শিক্ষক শাহজাহান সরকার বলেন, দীর্ঘদিনি ধরে বেতন না পেয়ে তিনি বর্তমানে কষ্টে দিনাতিপাত করছেন।